২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কেন বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি

“আদালতের আদেশের পর কেন্দ্র কী করবে তার জন্য অপেক্ষা করতে হবে।”

বাগেরহাটে কেন বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি
বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন। ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের তিনটি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। 

দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা বলছেন, সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের পুনর্বিন্যাস করে তিনটি আসন করেছে। এ নিয়ে আদালতে রিটের রায় অপেক্ষায় আছে। হয়ত এ কারণেই তাৎক্ষণিকভাবে নাম ঘোষণা করা হয়নি। 

সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তবে এদিন বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে প্রার্থীর নাম ‘স্থগিত’ রাখা হয়। 

এই তিনটি আসনে মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান। 

এ ছাড়া এম এ এইচ সেলিম বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য ছিলেন। তিনি ওয়ান-ইলেভেনের পর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। তবে ২০২৪ সালের ৫ অগাস্টের পর তিনি আবার বাগেরহাটে আসা শুরু করেন। তিনিও দল থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন।

জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, বাগেরহাটের চারটি সংসদীয় আসন ছিল। বর্তমান নির্বাচন কমিশন ৩০ জুলাই চারটি আসন থেকে একটি বাদ দিয়ে তিনটি আসনের গেজেট প্রকাশ করে। এই গেজেট বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়। রিটের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য ১০ ডিসেম্বর দিন রেখেছে আদালত।

তিনি বলেন, “মনোনয়নের জন্য বাগেরহাটের এক নারীসহ ১৩ প্রার্থীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডেকেছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম। বিএনপি ২৩৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রিটের নিষ্পত্তি না হওয়ায় বাগেরহাট জেলায় কারো নাম কেন্দ্র ঘোষণা করেনি বলে ধারণা করছি। আদালতের আদেশের পর কেন্দ্র কী করবে তার জন্য অপেক্ষা করতে হবে।”

একই কথা বলেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

তবে বিএনপির এক নেতা বলেন, “আসন বিন্যাস নিয়ে আদালতে মামলা চলছে এটা ঠিক আছে। কিন্তু প্রার্থীদের নাম ঘোষণাতে অসুবিধা কী ছিল? কেন্দ্র কেন এটি করল তাতে সাধারণ মানুষ ও তৃণমূলের কর্মীরা বিস্মিত হয়েছেন।” 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, “১৩ প্রার্থীকে কেন্দ্র ডেকেছিল। এদের মধ্যে দল যাদের যোগ্য মনে করবে তাদের মনোনয়ন দেবে। দল যাদের মনোনয়ন দেবে তাদের জন্য আমরা একযোগে মাঠে কাজ করব।”