২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনটি মব করছে’

নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

‘গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনটি মব করছে’
নীলফামারীতে ছাত্রদলের মিছিল।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

‘মব’ সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 

সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্যসচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজ, সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য দেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, “গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে একের পর এক মব সৃষ্টি করে মানুষ হত্যা করছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করলেও নিরব ভূমিকা পালন করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এর ফলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে চলেছে।” 

অন্য বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। ‘গুপ্ত’ সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার প্রতিবাদ জানায়।