রাজশাহীতে বিএনপির ৩১ দফার প্রচারে অন্য পক্ষের ‘বাধা-হামলা’
পুলিশ বলছে, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘রাষ্ট্র কাঠামো মেরামতে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে রাজশাহীর তানোরে অন্য পক্ষের বাধা ও হামলার শিকার হয়েছেন দলের এক নেতা।
রোববার বিকালে তানোর উপজেলা সদরে থানার মোড়ে পথসভা শেষে লিফলেট বিতরণের সময় হামলার মুখে পড়েন গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য নেতা সুলতানুল ইসলাম তারেক।
এ ঘটনায় ইটের আঘাতে তিনিসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়ভাবে তারা চিকিৎসা নেন।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সুলতানের পথসভায় অংশ নেওয়া আবদুল হামিদ বিএনপি নেতা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের লোকজন সুলতানুল ইসলাম তারেককে লিফলেট বিতরণে বাধা দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
মিজান এ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুসারী।
আবদুল হামিদ বলেন, রোববার রাতে সুলতানুল ইসলামের বাঁধাইড় ইউনিয়নে একটি ইসলামি জলশায় যোগ দেওয়ার কথা ছিল। সেজন্য তিনি কর্মী-সমর্থকদের নিয়ে তানোরে যান।
বিকালে উপজেলা সদর থানার মোড়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন।
এ সময় আরেক বিএনপি নেতা শরিফ উদ্দিনের অনুসারী তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানের লোকজন সেখানে গিয়ে বাধা দেন।
হামিদ বলেন, “এক পর্যায়ে তারা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পায়ে আঘাত পান সুলতানুল ইসলাম।”
আবদুল হামিদের দাবি, তাদের সঙ্গে যোগ দিতে তানোরের মুণ্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক চারটি মাইক্রো বাসে করে নেতাকর্মীদের নিয়ে আসছিলেন।
কিন্তু পথেই ওই বহরেও হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
সুলতানুল ইসলাম তারেক বলেন, “আমাদের বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে গেছে। তাই এ হামলা।”
তবে মোবাইল ফোনে মিজানুর রহমান মিজান বলেন, “আমি তো ঢাকায় আছি। তানোরে কী হয়েছে তার কিছুই জানি না।”
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, “দলীয় কোনো কর্মসূচি ছিল না। বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক জলসায় যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি তানোরে এসেছিলেন। তানোর এসে তিনি বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলটির আরেক গ্রুপের বাধার সম্মুখিন হন। ঘটনার সময় ইটের আঘাতে সুলতানুল ইসলাম সামান্য আহত হয়েছেন বলে শুনেছি।”
ওসি বলেন, “খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
