বাংলার ঋতুবৈচিত্র্যের বার্তা নিয়ে জাবিতে ‘কৃষ্ণচূড়া উৎসব’
কৃষ্ণচূড়া, জারুল, সোনালুর মত গ্রীষ্মকালীন ফুলও দেশের সংস্কৃতি, আবেগ ও ঋতুচেতনার প্রতীক হয়ে উঠতে পারে।
বাংলার প্রকৃতি, ঋতুবৈচিত্র্য ও গ্রীষ্মকালীন ফুলের সৌন্দর্যকে উদযাপন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষ্ণচূড়া উৎসব’।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি-জেইউপিএস।
আয়োজকরা বলেন, পাঁচ বছর ধরে সমমনা প্রকৃতিপ্রেমী মানুষের উদ্যোগে ধারাবাহিকভাবে ‘কৃষ্ণচূড়া উৎসব’ আয়োজন করা হচ্ছে। তাদের বিশ্বাস, জাপানের ‘সাকুরা উৎসব’ এর মত বাংলাদেশের কৃষ্ণচূড়া, জারুল ও সোনালুর মত গ্রীষ্মকালীন ফুলও দেশের সংস্কৃতি, আবেগ ও ঋতুচেতনার প্রতীক হয়ে উঠতে পারে।
উৎসবে প্রকৃতিপ্রেমী আলোকচিত্রী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় আলোকচিত্র প্রদর্শনী, আবৃত্তি, গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
‘কৃষ্ণচূড়া উৎসব-২০২৬’ এর আহ্বায়ক রাজীব রানা দাশ বলেন, “ধীরে ধীরে এ আয়োজন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
ন্যাচার ফটোগ্রাফার্স ক্লাবের সদস্যসচিব নাজমুল হোসেন বলেন, “একদিন এ উৎসব দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি পাবে বলে আমরা আশা করি।”
ক্লাবটির সদস্য শরীফুদ্দিন অপূর্ব বলেন, “দেশের প্রাণ-প্রকৃতি রক্ষায় কৃষ্ণচূড়া উৎসব একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি জাহিদ হোসেন বলেন, “ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। সেই ধারাবাহিকতায় এই উৎসবে অংশগ্রহণ করেছি।”
