২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ত দিতে গিয়ে’ সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

রোগীকে রক্ত দিতে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোগীকে রক্ত দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন; যারা সম্পর্কে চাচাতো ভাই।  

রোববার সকাল ৯টার দিকে জেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক জানান। 

নিহতরা হলেন, ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২৫) ও রফিকের ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪)।

স্থানীয়দের বরাতে নবীনগর উপজেলায় ‘ব্লাড গ্রুপের’ প্রতিষ্ঠাতা আজহারুল বলেন, “সকালে কোম্পানিগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে আলীয়াবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাহনটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে শিহাবের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় বোরহানকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নেওয়ার পথে সেও মারা যায়।” 

শিহাব ও বোরহান ‘অত্যন্ত নম্র-ভদ্র’ ছিলেন দাবি করে আজহারুল আরো বলেন, “এ দুই ভাই মানুষের বিপদে যেকোনো অবস্থায় ছুটে যেতেন। তাদের মৃত্যু মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।”

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ বলেন, “শিহাব ঘটনাস্থলে ও ঢাকায় নেওয়ার পথে মারা যান বোরহান।”

শিহাব উদ্দিনের বাবা রফিক মিয়া বলেন, “রক্ত দিত গিয়া পোলা দুইটা শেষ হয়ে গেল! বংশের দুইটা ভালো ছেলে আমাদের রাইখা চইলা গেল।”

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, “দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”