গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে কাশিয়ানীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও এক যাত্রী।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুর রহমান শেখ (৪৮), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ৫ যাত্রী মারাত্মক আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল খান ইজিবাইকের যাত্রী মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আফতাব জিলানী ব্যবসায়ী ওবায়দুর রহমান শেখ, রুমা খানমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া রুমা খানমের ১০ বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
ট্রাফিক সার্জেন্ট রাসেল মিয়া বলেন, মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর নিহত ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি রোকিবুজ্জামান।
হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানান সার্জেন্ট রাসেল মিয়া।
