কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি খাদে, আহত ৬
“প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।”
কুড়িগ্রাম সদর উপজেলায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি খাদে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে পাঁচগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা সিতাইঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি খালি ট্রলিতে ছয়জন লোক সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি সেতু ভেঙে পড়ে। এতে ট্রলিটি খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এনামুল হক বলেন, “সেতু ভেঙে ট্রলি ও মানুষ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
“তবে এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, “প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
“এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।”
তিনি বলেন, বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ পথচারি ও এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।
