মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তারের বিরুদ্ধে থানায় আগের একটি মাদকের মামলা আছে বলে জানায় পুলিশ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেশে তৈরি একটি অস্ত্র ও দুটি গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন মুজিবনগর সীমান্তের সোনাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৪২) উপজেলার সোনাপুর গ্রামের নতুনপাড়ার বাসিন্দা।
বিজিবির জাকির হোসেন বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে আশরাফুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে দেশে তৈরি পাইপগানসহ দুটি গুলি ও এক বোতল মদ জব্দ করা হয়।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত বলেন, আশরাফুলের বিরুদ্ধে আগের একটি মাদকের মামলা আছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে।
বিকালে আদালতের মাধ্যমে আশরাফুলকে কারাগারে পাঠানো হবে; এ ছাড়া তিনি অস্ত্র ব্যবসায়ী কি-না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
