Published : 27 Jul 2026, 06:06 PM
কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী।
নিহতদের মধ্যে উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার রয়েছেন। নিহত অপর একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, চালকসহ ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান বলে জানান তিনি।
কক্সবাজার সদর হাসপাতাল মর্গের সামনে আহাজারি করা স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার সময় তার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।