২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল ৩ জনের

শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে মুকসুদপুর, গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 08:00 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

গোপালগঞ্জের তিন উপজেলার সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে মুকসুদপুর উপজেলার রিশাতলা, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে ভ্যানচালক রিপন শেখ (৩৮), বাসচালকের সহকারী মিলন (৪৫) এবং কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের নীলমণি বিশ্বাস (৬৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানচালক রিপন শেখকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলায় ঘোনাপাড়ায় মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হন।

নিহত মিলন (৪৫) ফালগুনী পরিবহনের বাসের হেলপার ছিলেন।

এছাড়া দুর্ঘটনায় আহত হন ইজিবাইকের ৫ যাত্রী। তাদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ নীলমণি বিশ্বাস । এ সময় বাস চাপায় তিনি মারাত্মক আহত হয়।

তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন।