জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু এবং ঝিনাই নদীতে মাছ ধরতে গিয়ে ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক শিশু এবং মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এবং বিকালে পৌরসভার কামরাবাদ এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানান সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।
নিহত ইয়াসিন মিয়া (৮) চরআদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে। অপরজন কামরাবাদ এলাকার প্রয়াত জমশের আলীর ছেলে শাহা আলী (৫৮)।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবু তাহের বলেন, দুপুরে ইয়াসিন বাড়ির পাশে খেলছিল। এ সময় সবার অগোচরে সে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।
পুলিশ জানায়, বিকালে শাহা আলী বাড়ির পাশে ঝিনাই নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে বন্যার পানির স্রোতে তিনি নিখোঁজ হন। পরে তার লাশ ভেসে উঠে।
