১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেলাধুলা-ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল

চূড়ান্ত খেলায় ‘দিনাজপুর ডেমনেটর্স’-কে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘পাবনা ক্রিকেটার্স’।

খেলাধুলা-ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, “আমার জগৎটা এখন রাজনীতির। কিন্তু আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনোদিন নই। আমি সবসময় মনে করেছি খেলাধুলা, ক্রীড়াঙ্গন এটা রাজনীতিমুক্ত হওয়া উচিত।” 

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চূড়ান্ত খেলায় ‘দিনাজপুর ডেমনেটর্স’-কে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘পাবনা ক্রিকেটার্স’। এ টুর্নামেন্টের ১৬টি দল অংশ নিয়েছিল। 

মির্জা ফখরুল বলেন, “যারা যোগ্য তারা খেলবেন। আর সবচেয়ে বড় জিনিস যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয়, এটা প্রমাণিত। দেখা যায়, ওখানে ক্ষুদ্র দলমত এগুলো নিয়ে কোনো বিভেদ থাকে না। 

“আমাদের মধ্যে সেটাই ছিল, আবার ছিল না। একেক জন একেক দল সমর্থন করতাম আমরা। একেক জন একেকটা মতামত সমর্থন করতাম। কিন্তু ক্রিকেট যখন আসত, তখন আমরা সবাই একসঙ্গে ক্রিকেটের পক্ষে থাকতাম।”

বিএনপি নেতা বলেন, “একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে এই দেশটাকে নতুন করে গড়ে তোলার। 

তিনি বলেন, “আজকে আমাদের সামনে একটা নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র জীবন দিয়েছে; তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।