নীলফামারীতে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫
স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী আসায় দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ বাজার এলাকায় শুরু হওয়া এই ধাওয়া-পালটা ধাওয়া দফায় দফায় রাত ১০টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়াসহ সংঘর্ষ হয়। স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
“পরে পুলিশ সুপারকে অবগত করার পর সেনাবাহিনীসহ যৌথ বাহিনী আসায় দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান কমিটির সদস্য) মাসুদ রানা পাটোয়ারীর লোকজনের সঙ্গে বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম নেতৃত্বাধীন লোকজনের মধ্যে এই ধাওয়া-পালটা ধাওয়া হয়।
রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একই স্থান কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া-মাহফিলের কর্মসূচির আয়োজনের জের ধরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে উভয় পক্ষ কর্মী-সমর্থক নিয়ে কিশোরগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। দফায় দফায় তা চলে প্রায় দেড় ঘণ্টা।
এতে মাসুদ রানা পাটোয়ারীর ভাই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুসহ উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হন। গ্রেনেড বাবু কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির নেতা।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে ছত্রভঙ্গ হয় দুই পক্ষের লোকজন।
এ বিষয়ে মাসুদ রানা পাটোয়ারী অভিযোগ করে বলেন, “বেবী নাজনীনের নেতৃত্বে আমরা কিশোরগঞ্জ উপজেলায় দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যারা ত্যাগ স্বীকার করেছি আমাদের বাদ দিয়ে পক্ষপাতিত্বের মাধ্যমে ভিন্ন দল থেকে আসা লোকদের হাতে কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে।“
তিনি আরও বলেন, “বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জাতীয় পাটির নেতা ছিলেন। অপর দিকে সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি। মামুন-ডালিম নেতৃত্বাধীন কমিটি কখনই দলের জন্য আন্দোলন সংগ্রাম করেনি।”
তিনি জানান, রোববার প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিলের জন্য এক সপ্তাহ আগে স্কুল কর্তৃপক্ষ ও থানার সঙ্গে কথা বলে রেখেছেন। কিন্তু শনিবার সকালে স্কুল কর্তৃপক্ষ তাকে জানায় সেখানে মামুন-ডালিমের নেতৃত্বাধীন কমিটি একই স্থানে দোয়া-মাহফিল করবে।
“আমি এ বিষয়ে মামুন-ডালিমকে ফোন দিয়ে বলি ‘ভাই আমি এক সপ্তাহ আগে এই স্থানের অনুমতি নিয়েছি, আমরা নেওয়া স্থানে কেন কর্মসূচি ঘোষণা দিয়েছো, তোমরাতো ঝগড়ার সৃষ্টি করতে একই স্থানে কর্মসূচি দিলা? তোমরা পাটি অফিসে তোমাদের কর্মসূচি পালন কর’।”
মাসুদ বলেন, “এরপর রাতে মামুন-ডালিমের লোকজন লাঠিসোঁটা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আসলে আমি ও আমার ছোট ভাই গ্রেনেড বাবুসহ আমাদের লোকজন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
“পরে মামুন-ডালিম আওয়ামী লীগ-যুবলীগের সঙ্গে যোগসাজশ করে লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমার ছোট ভাই গ্রেনেড বাবুসহ ১০ জন আহত হন।
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেনেড বাবুর ছেলে এই উপজেলায় সমন্বয়কারী হিসেবে নেতৃত্বে দিয়েছে, সেই জন্য আওয়ামী লীগ এ সুযোগটা নিল”, যোগ করেন তিনি।
গুরুতর আহত গ্রেনেড বাবুসহ দু’জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে লুটতরাজ করেছে বলে অভিযোগ করেন মাসুদ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাসুদ রানা পাটোয়ারী উপজেলা বিএনপির সদস্য হলেও দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তার সদস্য পদ স্থগিত রয়েছে।
“তার ছোট ভাই গ্রেনেড বাবু একসময় উপজেলা যুবদলের নেতা থাকলেও পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়ে লাঙল প্রতীক নিয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এখন তিনি নিজেকে বিএনপি দলীয় দাবি করছেন।”
আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেনেড বাবু শনিবার কিশোরগঞ্জ বাজার এলাকায় আমাদের কয়েকজন দলীয় নেতাকর্মীর সামনে ঘোষণা দেন তিনি ও তার বড় ভাই মাসুদ গরু জবাই করে মানুষকে খাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন। তার এমন কথায় আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসে।
“আমিসহ আমাদের দলের নেতাকর্মীরা পার্টি অফিসে ছিলাম। এক পর্যায়ে গ্রেনেড বাবু ও মাসুদ রানার নেতৃত্বে তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের ১৫ নেতাকর্মীকে আহত করে।
“পরে খবর পেয়ে বিভিন্ন স্থানে থাকা বিএনপির নেতাকর্মীসহ বাজারের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, আহত নেতাকর্মীদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা রয়েছে।
