১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেঘনায় বরযাত্রীর ট্রলার ডুবিতে নিহত ২, বরসহ নিখোঁজ ৩

স্থানীয় তিন জন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানত না।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 04:04 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় শরীয়তপুরের মেঘনা নদীতে ডুবে গেছে ঢাকা থেকে আসা বরযাত্রীদের একটি ট্রলার। এতে মারা গেছেন বরের মা ও বোন। নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান গোসাইরহাট থানা পুলিশের ওসি পুষ্পেন দেবনাথ। 

নিহত সাহানা আক্তার (৫০) ও তার মেয়ে জলি আক্তার (২৩) রাজধানী ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন সাহানা আক্তারের ছেলে বর শান্ত, শাওন ও হৃদয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার লঞ্চে ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার সকালে শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে পৌঁছান আট জন বরযাত্রী। এরপর মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চর যাওয়ার জন্য লঞ্চঘাট থেকে একটি ট্রলারে ওঠেন তারাসহ ১১ জন যাত্রী। 

পরে মাঝ নদীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালকসহ স্থানীয় তিন জন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানত না। 

খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ বরযাত্রী দলের পাঁচ জনকে উদ্ধার করতে পারেন। তাদের চিকিৎসার জন্য গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাজকে মৃত ঘোষণা করেন।

এখনো নিখোঁজ রয়েছেন বর শান্তসহ তিন জন। 

ওসি পুষ্পেন আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও নৌ পুলিশের সমন্বিত টিম।