ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু
জেলা সদরে যাওয়ার পথে একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
ভোলা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।
মঙ্গলবার সকালে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভোলা মডেল থানার ওসি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ।
নিহত মো. হুমায়ুন কবীর (৫০) দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রামের ইউনুছের ছেলে। আহতরা একই উপজেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হুমায়ুনের ভাই মো. জাকির কাজি বলেন, সকালে হুমায়ুন ও আরও দুইজন মোটরসাইকেলে করে ভেদুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। হুমায়ুন মাঝে বসেছিলেন। পথে একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ।
