বরিশালে ট্রাক ও বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল চালক নিহত
দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল ও বাসটি জব্দ করেছে পুলিশ।
বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার সকালে গৌরনদী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।
এসআই শরিফুল বলেন, “গৌরনদী উপজেলার কটকস্থলে রাত আড়াইটার দিকে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী তুরাগের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুরাগ ও তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন।
“ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তুরাগকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দক্ষিণ বিজয়পুর এলাকায় একটি গতিরোধক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলচালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর এবং মোটরসাইকেল দুইটি ও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই শরিফুল।
তিনি বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। দুই দুঘর্টনাই মামলা হবে।
