২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, আটক ১

রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীপুরে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, আটক ১
গাজীপুরে যুবককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 11:19 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

গাজীপুরের শ্রীপুরে ‘অটোরিকশা চুরি’র অপবাদ দিয়ে এক তরুণকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। 

নির্যাতনের শিকার ২৫ বছরের ওই যুবক শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, অটোরিকশা চোর সন্দেহে ছেলেটিকে ধরে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের সময় ছেলেটি চিৎকার করছিলেন। কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি। ওই সময় উপস্থিত একজন এগিয়ে গিয়ে নির্যাতনকারীকে থামানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

পরে রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে একটি ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টিশার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক ছেলেটির দুইপা টেনে নির্যাতন চালাচ্ছে। একপর্যায়ে ছেলেটির পায়ের ওপর ওঠে লাফালাফি করতেও দেখা গেছে। 

এসময় ‘ও মা, মাগো’ বলে চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেয় নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীদের মারধর করতে নিষেধ করলেও তারা তা মানেননি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালাতেও দেখা যায় ভিডিওতে। 

ওসি জয়নাল আবেদীন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই নির্যাতনের ভিডিওটি পুলিশের নজড়ে পড়ে। তাৎক্ষণিক খোঁজ নিয়ে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”