সিলেট সীমান্ত দিয়ে আরও ৫৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইন করা সকলেই বাংলাদেশি নাগরিক, বলছে বিজিবি।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৫৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।
বুধবার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে জানান সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাইরাগ এলাকা থেকে সাতটি পরিবারের মোট ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ শিশু রয়েছে।
তাদের মধ্যে নড়াইল জেলার ১৭ জন, কুষ্ঠিয়া জেলার ১ জন এবং খুলনা জেলার ১ জন।
জৈন্তাপুরের শ্রীপুর এলাকার মোকামপুঞ্জি এলাকা থেকে ৯টি পরিবারের মোট ১৩ জন আটক হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ জন, নারী ৮ জন ও শিশু ৩ জন।
তাদের মধ্যে যশোর জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ১ জন, নরসিংদী জেলার ১ জন, সিলেট জেলার ১ জন, নড়াইল জেলার ২ জন, বরিশাল জেলার ২ জন ও সাতক্ষীরা জেলার ১ জন রয়েছে।
গোয়াইঘাটের তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি নামক স্থান থেকে একটি পরিবারের মোট ২ জন আটক হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ জন ও নারীর ১ জন। তাদের মধ্যে যশোর জেলার ২ জন।
সুনামগঞ্জ জেলার ছাতকের নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ী এলাকায় স্থান হতে ৮টি পরিবারের মোট ২১ জন। পুরুষ ৪ জন, মহিলা ১৫ জন, শিশু ২ জন।
যশোর জেলার ৫ জন, নড়াইল জেলার ৪ জন, সিলেট জেলার ৩ জন এবং সাতক্ষীরা জেলার ৯ জন।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইন করা সকলেই বাংলাদেশি নাগরিক; যারা অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিল।
“প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।’’
