২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় মামা গিয়ে দরজা ভেঙে কক্ষে ঢুকে তার লাশ দেখতে পান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 04:52 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।

নিহত ইমন (২৫) মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ইমন ছাত্রাবাসের একটি কক্ষে একাই থাকতেন। পরিবারের সঙ্গে প্রতিদিন তার কথা হতো। তবে শুক্রবার রাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে যান।

সেখানে অনেক ডাকাডাকির করেও ইমনের কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। তখন ফ্যানের রডের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।”