২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সুরক্ষায় লালমনিরহাটে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

তিস্তা ব্যাটালিয়নের আওতায় ‘চতুরবাড়ী বিওপির’ সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করবেন বলে জানায় বিজিবি।

সীমান্ত সুরক্ষায় লালমনিরহাটে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জোংড়া ইউনিয়নে ‘চতুরবাড়ী বিওপি’ উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘চতুরবাড়ী বিওপি’ নামে নতুন ক্যাম্প চালু করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন উপজেলার জোংড়া ইউনিয়নে এ ক্যাম্প উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

বিজিবি জানায়, তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করে আসছে। তবে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপি দুটির মাঝামাঝি এলাকায় অপারেশনাল ফাঁক থাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন ছিল। 

সেই লক্ষে চতুরবাড়ী এলাকায় নতুন আউটপোস্টটি স্থাপন করা হয় বলে জানায় বিজিবি।

উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল নাছের বলেন, “বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে। নতুন বিওপি যুক্ত হওয়ায় বর্ডার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।”

তিনি বলেন, “সীমান্ত এলাকায় কখনো কখনো ভুল তথ্য ও গুজব ছড়ানো হয়, এ ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানালে, তা যাচাই করব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান ও ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।