অবৈধভাবে অকটেন বিক্রি: ৯০ লিটার জব্দ, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা
ফিলিং স্টেশনের মালিক এবং ক্রেতাকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১০টার দিকে কলেজ মোড় এলাকায় ‘পলাশ ফিলিং স্টেশনে’ এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ।
তিনি বলেন, “বেআইনিভাবে মজুতের উদ্দেশ্যে একজন ক্রেতার কাছে রাতের আঁধারে ৯০ লিটার অকটেন বিক্রি করে ফিলিং স্টেশনটি।
“অপরাধ প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগ এবং ক্রেতা রাজন কর্মকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৫) ধারায় ৫ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ৯০ লিটার অকটেন।”
জব্দ করা অকটেন নিয়ম অনুযায়ী নিলামে বিক্রয় করা হবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
