২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-১: প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির সড়ক অবরোধ-বিক্ষোভ

এখানে জোটের পক্ষ থেকে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রার্থী করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 11:15 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ভোলা-১ (সদর) আসন জোটের সঙ্গে সমঝোতায় বিজেপিকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির কিছু নেতাকর্মী।  

এই আসনে শুরুতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিএনপি। পরে জোটের পক্ষ থেকে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রার্থী করা হয়। 

এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় শহরের মহাজনপট্টির জেলা বিএনপির কার্যালয়ের সামনের সদর রোড অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভের কারণে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে পথচারীরা দুর্ভোগে পড়েন। 

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভোট দেব না গরুর গাড়ি, আমরা সবাই ধান করি’, ‘এদিক-সেদিক বুঝি না, ধান ছাড়া চিনি না’, ‘ভোট দেব কিসে, ধানের শীষে’, ‘দুর্দিনের আলমগীর ভাই, আমরা তোমায় ভুলি নাই’- ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে জেলায় বিএনপিকে সংগঠিত করে রেখেছেন মরহুম মোশারেফ হোসেন শাহাজাহানের মিয়ার পরিবার। তার ছোট ভাই গোলাম নবী আলমগীরের নেতৃত্বে গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন। তারা অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন। 

তারা বলেন, ২০২২ সালে আন্দোলনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হয়। অসংখ্য নেতাকর্মী আহত হয়। জেল-জুলুমের পরও কেউ দল ছাড়েননি। তাই তারা এই আসনে ধানের শীষের প্রার্থীকে জোট থেকে মনোনয়নের দাবি জানান।