Published : 16 Dec 2025, 05:10 PM
মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়-রাবিতে ‘রাজাকার, আলবদর ও আলশামস’ এর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘হানাদার হান্ট’ নামে এ কর্মসূচি পালন করেন তারা। তিনটি মাটির হাড়িতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ লিখে জুতা নিক্ষেপ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা (রাজাকার, আলবদর, আলশামস) লাখ লাখ নারীকে ধর্ষণ করেছে এবং নির্মমভাবে হত্যা করেছে।

“সেইসঙ্গে লাল-সবুজের পতাকার জন্য জীবন দিয়ে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদেরকেও এই পাকিস্তানপন্থি দোসররা নির্মমভাবে হত্যা করেছে।”
জুতা নিক্ষেপ কর্মসূচি প্রসঙ্গে রাহী বলেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, লাল-সবুজের পতাকাকে অস্বীকার করে, এখনো পাকিস্তানপন্থি চেতনা ধারণ করে এবং ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “একাত্তরের দেশদ্রোহী রাজাকারদের ক্ষমা করা ছিল একটি চরম ভুল। সেই ভুলের মাশুল আজও আমাদের দিতে হচ্ছে। ৫ অগাস্টের পর থেকে তারা নানাভাবে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে।”
তিনি বলেন, “একাত্তরে যারা সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই আজ বড় বড় বুলি আওড়াচ্ছে, মুক্তিযুদ্ধকে ‘ভারতীয় ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। একাত্তরের রাজাকাররা আজ সরাসরি না থাকলেও তাদের আদর্শ ও বংশধররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।”