২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় সর্দি-কাশি নিয়ে ৯৭ শিশু ভর্তি, অনেকের শরীরে ‘র‌্যাশ’

জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় হাম পজেটিভ হয়েছে ১৫ রোগী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় জ্বর, সর্দি, কাশি ও ঠাণ্ডা নিয়ে ৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে কিছু শিশুর শরীরে লাল র‌্যাশ রয়েছে। 

এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪৪ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ শিশু ভর্তি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আনোয়ারুল কবীর বলেন, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত এখানে শিশু বিভাগে মোট ভর্তি শিশু রোগীর সংখ্যা ৪২ জন। এসব রোগী ঠাণ্ডা, জ্বর, সর্দি, কাশির জটিলতা রয়েছে। 

“নয় শিশুর শরীরে লাল র‌্যাশ থাকায় প্রাথমিকভাবে তারা হাম আক্রান্ত বলে ধারণা করছি। তাদেরকে নীবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।” 

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. হোসেন ইমাম বলেন, রাত ১০টা পর্যন্ত এখানে শিশু বিভাগে সর্বমোট ৪৪ রোগী ভর্তি আছে। 

“এদের মধ্যে ১৯ রোগী হাম আক্রান্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন চিকিৎসকরা। বাকি রোগীরা নানা জটিলতায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।”

এ ছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, চলতি বছরের শুরু থেকেই শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় হাম পজেটিভ হয়েছে ১৫ রোগী। 

হামের ব্যাপারে বুধবার বেলা ১১টা থেকে প্রতিদিন আপডেট তথ্য দেওয়া হবে বলেও জানান সিভিল সার্জন। তিনি বলেন, “তবে নমুনা পরীক্ষার প্রয়োজনীয় রি-এজেন্ট সংকট এ মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করছি, খুব শিগগির এটাও কাটিয়ে উঠতে পারব।”