কুমিল্লায় ডিবি পুলিশের গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ডিবি পুলিশ সদস্যদের আটক করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে।
কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ এলাকায় বাগমারা-বাঙ্গড্ডা-হাসানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।
নিহত জিয়াউল হক (৪০) উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ছোট মনতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। দুই সন্তানের বাবা জিয়াউল হক স্টিলের গ্রিল, আসবাবপত্র ইত্যাদি তৈরি ও বিক্রির ব্যবসা করতেন।
এ ঘটনায় জিয়াউল হকের ভাই বেলাল হোসেন নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউএনও লাকী বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে জিয়াউল হক তার ওয়ার্কশপ ও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে কোনো কারণে স্কুলের সামনের সড়কের দক্ষিণ পাশে তার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন।
“এ সময় জেলা ডিবি পুলিশের সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস সড়কের মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াউল হককে চাপা দিয়ে উল্টে যায়।”
এতে জিয়াউল হক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ডিবি পুলিশ সদস্যদের আটক করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে।
ইউএনও আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে নিহত ব্যবসায়ী জিয়াউল হকের পরিবারকে সমবেদনা জানিয়েছি। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দুর্ঘটনার খবর শুনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান, ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া, নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। এটি খুবই দুঃখজনক।
জেলা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া বলেন, “মাদক চোরাকারবারের গোপন তথ্য পেয়ে অভিযানে যাচ্ছিল ডিবি সদস্যরা। কিন্তু পথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এটি খুবই দুঃখজনক। দুর্ঘটনায় ডিবির গাড়িটিও উল্টে যায়। এতে আমাদের সদস্যরাও আহত হয়েছেন।”
