২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘লাইট পদ্ধতিতে’ ড্রাগন চাষ, ফলনে ‘উল্লম্ফন’

চাষির সফলতা দেখে অনেকেই এ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আল ইমরান শোভন. চাঁদপুর প্রতিনিধি

Published : 08 Jan 2025, 01:38 PM

Updated : 01 Sep 2026, 11:20 AM

এক নজরে

চাষির সফলতা দেখে অনেকেই এ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভালো ফলন পেতে রাতের বেলায় গাছে গাছে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল। এভাবে চাষাবাদকে বলা হচ্ছে ‘লাইট পদ্ধতি’।

শীতকালে রাতের বেলা দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের এমন পদ্ধতিই ব্যবহার করছেন উপজেলার সাদুল্লাপুর এলাকার চাষি নাছির উদ্দীন সরকার।

তিনি তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর এলাকায় ৩০ একর জমিতে এ পদ্ধতিতে ড্রাগন চাষ করেছেন। এতে ফলন তিনগুণ বেড়েছে বলে দাবি এ উদ্যোক্তার। তার সফলতা দেখে এখন অনেকেই এ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন।

রাতে যখন শত শত বৈদ্যুতিক বাতি একসঙ্গে জ্বলে উঠে, দূর থেকে আলোর রোশনাই নজরে আসে। দেখে মনে হয়, আকাশে তারা জ্বলছে। সে এক মনোরম দৃশ্য। রাতে এই দৃশ্য দেখতে অনেকেই ছুটে আসেন নাছিরের ড্রাগন বাগানে।

নাছির সরকার বলেন, “আমি তিন বছর আগে নাটোর থেকে ৬০টি ড্রাগনের চারা এনেছিলাম শখের বসে, দেখলাম, এটাতে ভালো ফল হয়।

“পরে ইউটিউবে দেখে টাঙ্গাইল গিয়ে অনেক বড় বাগান দেখে নতুনভাবে উদ্বুদ্ধ হলাম। সেখান থেকে আরো গাছের চারা সংগ্রহ করে নিয়ে এলাম। নিজ জমিতে ড্রাগন বাগান গড়ে তুলি।”

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়া ও ঠান্ডায় ড্রাগন গাছে ফুল-ফল ধরে না। মার্চ মাসের শেষে ফুল ধরে। তাপমাত্রা বাড়লে ফল বড় হয়। মাস তিনের মধ্যে বাজারে ড্রাগন ফল উঠতে শুরু করে। নভেম্বরের শেষ পর্যন্ত ফল পাওয়া যায়।”

বাগান মালিক নাছির উদ্দীন বলেন, “২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত সাধারণ পদ্ধতিতে ড্রাগন চাষ করেছি। নওগাঁর আমার বন্ধু ইঞ্জিনিয়ার আজাদ শীতকালে ড্রাগন ফল চাষের প্রযুক্তি সংগ্রহ করে দেন আমাকে।”

তার ভাষ্য, “বন্ধুর প্রযুক্তি পেয়ে সেপ্টেম্বর মাসে ড্রাগন ক্ষেতে লাইট বসানো শুরু করি। আপাতত চীন থেকে আনা দুই হাজার লাইট ক্ষেতে সেট করেছি। প্রতিদিন সন্ধ্যায় ৩ ঘণ্টা ও সূর্যোদয়ের আগে ৩ ঘণ্টা লাইটগুলো জ্বালানো হয়। ক্ষেত দিনের আলোর মত আলোকিত হয়ে যায়। লাইটিংয়ের ফলে রাতে তাপমাত্রা বাড়ে। এতে বাগানে বেশি পরিমাণে ফুল ও ফল ধরছে। বর্তমানে বাগান ফুল-ফলে ভরে গেছে।”

নাছির উদ্দিনের দাবি, নতুন পদ্ধতিতে আগের চেয়ে ছয় থেকে সাত টন বেশি ফলন হবে। প্রতিটি খুঁটিতে সাত থেকে আট কেজি ফল বেশি পাওয়া যাবে। ফলের মানও ভালো হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে ফল প্রতি কেজি ৮০-২০০ টাকা দরে বিক্রি করি।”

কিন্তু বর্তমানে তার বাগানের ড্রাগন ৩৪০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান নাছির উদ্দীন।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “এলাকায় প্রথমবারের মত রাতের বেলা ড্রাগনের চাষ হচ্ছে। এলাকার লোকজন ড্রাগন চাষ দেখতে এসে ভিড় করছেন। লাইটের আলোতে ড্রাগন গাছের সৌন্দর্য বাড়ে।”

কামাল হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, “রাতের আলোতে ড্রাগন চাষ প্রথম দেখেছি। এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে রাতের বেলা অনেকে এখানে এসে ভিড় করছেন। এটি স্থানীয় বেকার যুবকদের মাঝে বেশ সাড়া ফেলছে।”

কামরুল নামের এক যুবক বলেন, “রাতে কৃত্রিম আলো দিয়ে ড্রাগন চাষ বেশ কৌতূহল তৈরি করেছে। বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছি। ভবিষ্যতে নিজে এ ধরনের কিছু করার চেষ্টা করব।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, শীতকালে যখন দিনের দৈর্ঘ্য কমে আসে তখনই কৃষকরা কৃত্রিম আলো দিয়ে দিনের দৈর্ঘ্য বাড়ানোর পদ্ধতিটা ব্যবহার করে। এ পদ্ধতিটা এখন বাংলাদেশের অনেক জায়গায় ব্যবহার করছে।

তার দাবি, এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি বাইরে থেকে এ ফলের আমদানি কমানোও সম্ভব হবে।