২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যা

দুই দিন আগে বাসাইলে এক রোগীকে আনতে গিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয়জন হামলার শিকার হন বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইলের বাসাইল থানা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বাসাইল থানার ওসি জালাল উদ্দিন।

এর আগে শনিবার রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সি রঞ্জু খন্দকার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের ‘বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের’ কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান তার ছেলে ফরিদ খানকে (২৩) বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। 

এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয়জন মনির খানের বাড়িতে যান। সেখানে ফরিদকে ঘর থেকে বের করার সময় তার চিৎকারে পাশের বাড়ির কয়েকজন এসে নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর হামলা চালায়। 

তাদের পিটুনিতে রঞ্জু খন্দকার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের আরও চারজন আহত হন।

রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জু খন্দকার মারা যান বলে জানায় পুলিশ।

বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবর রহমান তপন বলেন, “মাদকাসক্ত ফরিদকে নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আমাদের কাছে আবেদন করেন। পরে তাকে আনতে গিয়ে আমাদের ছয়জনের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এর মধ্যে রঞ্জু মারা গেছেন। এ ঘটনায় মামলা করা হবে।”

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, সোমবার সকালে লাশ বাসাইল থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।