চুয়াডাঙ্গায় থানা থেকে পালিয়েছে মাদক মামলার নারী আসামি
একদিন আগে ৮৪ বোতল ফেনসিডিলসহ ওই নারী ও তার সহযোগীকে আটক করে বিজিবি।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক মামলায় গ্রেপ্তার এক নারী আসামি থানা থেকে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই নারী কৌশলে পালিয়ে যান বলে জানান জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস।
পলাতক মনোয়ারা খাতুন (৩০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।
বুধবার সকালে জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সহযোগী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা।
বিজিবি জানায়, বুধবার দুপুরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে তোলার কথা ছিল।
গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশের কাছে হস্তান্তর করা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে কীভাবে পালিয়ে গেল, সেটা পুলিশ ভালো বলতে পারবে। আমরা যেহেতু থানায় হস্তান্তর করেছি, সেহেতু পুরো দায়ভার এখন পুলিশের।”
ওসি মামুন হোসেন জানান, রাতে ওই নারীকে থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয়। ভোর ৬টার দিকে মনোয়ারা বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
