৮ লাখ টাকা চাঁদা নিয়েছে, ফেরত দিতে হবে: নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি
“নারায়ণগঞ্জ চেম্বার থেকে তিন লাখ এবং বিকেএমইএ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নিয়েছে।”
৫ অগাস্ট সরকার পতনের পর ব্যবসায়ীদের হুমকি দিয়ে আট লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান৷
সেই টাকা ফেরত চেয়ে তিনি বলেছেন, “৫ অগাস্টের পর ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার থেকে তিন লাখ এবং বিকেএমইএ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকতে হবে।”
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক কর্মী মিনারুলের নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও আসামি করা হয়েছে৷
বিষয়টি ভালো চোখে দেখছেন না জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, “ভালো-মন্দে এই শহরটাতেই বেঁচে আছি আমরা৷ অনেক সময় বল এই কোর্ট থেকে ওই কোর্টে যায়, আবার ওই কোর্ট থেকে এই কোর্টে যায়৷ কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয় না৷
“আমরা দেখেছি, সাবেক মেয়র আইভী সারাজীবন একাই যুদ্ধ করে গেছেন৷ পক্ষ কিন্তু সবসময় নারায়ণগঞ্জে দুইটা ছিল৷ উনি তখনও নির্যাতিত ছিলেন, এখনও নির্যাতনের মধ্যে আছেন৷ মামলা হওয়া উচিত দোষীদের বিরুদ্ধে, তার (আইভী) বিরুদ্ধে মামলাটি আমরা কখনই সাপোর্ট করি না৷”
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হওয়া মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান মাসুদুজ্জামান৷
মতবিনিময় সভায় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “সম্প্রতি নিট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোনো শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিক সংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, বেকারদের চাকরি দিতে হবে।
“কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকরা কীভাবে লোক নিয়োগ দেবে। তারা যে বৈষম্যের কথা বলছে, এটা আমাদের গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল।
