‘মোবাইলে ব্যস্ত’ চালক বাস উঠিয়ে দিলেন অটোরিকশার উপর, নিহত ৫
ছাতকের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাসের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান।
নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকার ইউসুফ আলী (৪৫), তার মেয়ে কেয়া মনি (১৬), একই এলাকার সাহাবুদ্দিন (৪৫), নিলুফা বেগম (৩০)।
নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সিলেট থেকে রিফাত পরিবহনের যাত্রীবাহী বাসটি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। আর সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিলেটের দিকে যাচ্ছিল। জালালপুর এলাকায় বাসটি অটোরিকশাটির উপর উঠে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও সড়কের পাশে উল্টে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশার যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
জালালপুরের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা এলাকাবাসী ছুটে আসি। তখন বাসের এক নারী যাত্রী আমাদের জানান, বাসের চালক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন।
“হঠাৎ তিনি অটোরিকশার উপর গাড়ি তুলে দিলে দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বারবার বাধা দিলেও চালক পাত্তা দেননি। উল্টো যাত্রীদের আরো হুমকি-ধমকি দেন।”
এদিকে একইদিন দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের নারায়ণপুরে বাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
