২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জারোতে শরীল আর টান সয় না’

লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

টানা সাত দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ বেড়েছে কয়েকগুণ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামগুলোতে শীত নিবারণের জন্য খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতবস্ত্রের অভাবে এসব এলাকার হতদরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “এ অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এতে তাপমাত্রা আরও কমে যাওয়ার পাশাপাশি কুয়াশার ঘনত্বও বাড়ার আশঙ্কা রয়েছে।”

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আমিনুর ইসলাম বলেন, “যে ঠান্ডা পড়ছে বাহে তাতে বুঝি আর বাঁচি না। কাম-কাজও কইরবার পাবার নাগছি না।” 

সাপ্টিবাড়ী এলাকার ইসমাইল (৭০) বলেন, “এই জারোতে বুঝি মরা নাগবে। জারোতে শরীল আর টান সয় না।”

শীতের প্রভাব পড়েছে কর্মজীবী মানুষের আয়-রোজগারে। জেলা শহরের রিকশাচালক হাদিকুল ইসলাম বলেন, “এই ঠান্ডায় মানুষ ঘর থেকে কম বের হয়। যাত্রী না থাকায় ভ্যান নিয়ে বসে থাকতে হয়। পরিবার চালানো খুব কষ্ট হয়ে গেছে।”

আরেক রিকশাচালক রশিদ মিয়া বলেন, “ভোরেই রিকশা নিয়ে বের হতে হয়। এত ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। তবুও পরিবারের জন্য কাজ করতেই হচ্ছে।”

শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। 

লালমনিরহাটের সিভিল সার্জন আবদুল হাকিম বলেন, গত সাত দিনে নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। তাদের উষ্ণ রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, শীতার্ত দরিদ্র মানুষের মাঝে এরই মধ্যে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে।