চাঁদপুরে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
অভিযানের সময় চিংড়িগুলোর মালিক পাওয়া যায়নি।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট এলাকা থেকে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয় বলে অভিযানের অংশ নেওয়া সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম রাতে জানান।
তিনি বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে বড় স্টেশন মাছঘাট থেকে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে তখন চিংড়ির মালিককে পাওয়া যায়নি।
অভিযানের সময় চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম ছিলেন।
