ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরার জামি ডিডি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ফরিদপুর সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কানাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সালাহউদ্দিন জানান।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের ছহির উদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যামচন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাস এবং রংপুর জেলার বদল গাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্ণা বেগম।
গুরুতর আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরার জামি ডিডি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়।
