Published : 15 Dec 2025, 12:23 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ষ একটি অডিটোরিয়াম থেকে অর্ধগলিত এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, রোববার সন্ধ্যার পর ‘শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের’ দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ৭০ বছর বয়সী জুড়ান খন্দকার উপজেলার গান্দাইল উত্তরপাড়ার আবুবক্কারের ছেলে।
স্থানীয়রা বলছে, রোববার দুপুরে ওই অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিকালে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে ওয়াশরুমের একটি কমোডের ওপর বসে থাকা অবস্থায় জুড়ান আলীকে দেখতে পান। পরে থানায় খবর দেন তারা।
গত বছরের ৫ অগাস্ট অডিটোরিয়ামটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে সেটি পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় ছিল। কোনো মানুষজন সেখানে যাতায়াত করতো না।
ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাতেই অর্ধগলিত মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“কবে কখন জুড়ান আলী পরিত্যক্ষ অডিটোরিয়ামে প্রবেশ করেছিলেন তা জানা যায়নি। তার শরীরে পচন ধরেছে।”
তিনি বলেন, “প্রায় এক মাস আগে বড়ইতলী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন জুড়ান। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
“এতোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। নিহত জুড়ান আলী মানসিকভাবে ভারসাম্যহীন ও প্রতিবন্ধি ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।”