নারায়ণগঞ্জ ও নেত্রকোণায় বজ্রপাতে দুজনের মৃত্যু
সোমবার দুপুর ও বিকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ও বিকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে বজ্রপাতে এক কিশোর মারা গেছে।
নিহত ১৪ বছর বয়সী মো. নিরব ওই গ্রামের নাজমুলের ছেলে।
ওসি নাসির উদ্দিন বলেন, নিরব দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে বাড়ির উঠানে আহত হন। তাকে তখন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
রোববার বিকালেও একই উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে ১৩ বছর বয়সী কিশোর মো. ওয়াসিম বজ্রপাতে মারা যান।
এদিকে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে জয়পুর গ্রামে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।
নিহত আওয়াল হোসেন (৪৮) ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
ওসি বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আওয়াল মাঠ থেকে গরু আনতে যান। তখন বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
