গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ
চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন।
গোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন।
গুলিতে আহতরা হলেন- নয়ন শেখ (২৫), রায়হান সিকদার (৩৫), পারভেজ মোল্লা (৪৫), রুবেল মোল্লা (২৫), আনোয়ার শেখ (২২) ও মেহেদী হাসান (২৪)। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার সমর্থক আহম্মদ মোল্লা ও হাফিজ মোল্লাকে প্রতিপক্ষ পারভেজ মোল্লার লোকজন মারধর করে। রাতে আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জেরে সকালে চর শুকতাইল গ্রামে পারভেজ মোল্লা ও বাবুল মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, “আমি সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি। এর মধ্যে চারজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করতে পেরেছি। দুজনের গুলি পরে বের করা হবে।”
সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, “পূর্বশক্রতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার-পাঁচজন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
