টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা গেছেন।
নিহত নুর ইসলাম (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর ইসলাম স্টেশনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছিলেন। এ সময় ঢাকাগামী ৫০ নম্বর ‘বলাকা কমিউটার’ ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির-উজ-জামান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
