কুড়িগ্রামে ‘শাপলা তুলতে গিয়ে’ পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার শেষ বিকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম জানান।
নিহত দুই শিশু হল- ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
তাদের মৃত্যুতে দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় বলেন, শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু দুই শিক্ষার্থী বাড়িতে আসেনি। তখন চিন্তিত হয়ে দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে তাদের বাড়ি থেকে ২০০ গজ দূরে খাসের দোলায় ভুট্টু মিয়ার পদ্ম পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে লোকজন। ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে গেছে।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
