Published : 25 Jul 2025, 07:04 PM
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজে চিরবিদায় নেওয়া শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জানিয়েছেন মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমান।
এর আগে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে নিহতের কবরস্থানে পৌঁছেন। তারা সেখানে সালাম প্রদর্শন করে শিক্ষক মাসুকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিমানবাহিনীর সদস্যরা দোয়া করেন।
এ সময় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, “বিমানবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপু ম্যাডামের প্রতি শোক ও সম্মান জানানো হয়েছে।”
শিক্ষক মাসুকার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, “মাসুকা বেগম নিপু শুধুই একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সাহসিনী ও একজন আদর্শ নাগরিক। তিনি জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”
বিমান দুর্ঘটনা তদন্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবাহিনীর এ সদস্য বলেন, “সে ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। বিমান বাহিনীর দল কাজ করছে। তদন্ত শেষে আপনাদের জানানো হবে।”
জনবহুল এলাকায় বিমান চালানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা আমাদের রাজধানী। এটি একটি স্ট্র্যাটেজিক লোকেশন। যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার।
“ঢাকার আশপাশের জনবসতি অনেক বেড়ে গেছে। আমাদেরকে কম্প্রোমাইজ করেই ফ্লাইং করতে হয়। এটি একটি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা কখনোই কাম্য নয়।”