২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন

এ ছাড়া আসামি কবিরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 08:50 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে জখম মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন। 

দণ্ডিত কবির হোসেন সিকদারের বাড়ি মুলাদী উপজেলায়। 

যাবজ্জীবন পাশাপাশি তাকে দেড় লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে। 

মামলার নথি থেকে জানা যায়, মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত কবির। এতে ছাত্রী সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হন তিনি। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি ওই ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে কবিরসহ অজ্ঞাতরা তার মুখে চেপে ধরে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যান। 

সেখানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তারা। তখন ছাত্রী চিৎকার দিলে তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কবিরসহ অজ্ঞাতরা। 

এ ঘটনায় পরদিন কবিরসহ অজ্ঞাত আরও পাঁজজনকে আসামি করে ওই ছাত্রীর বাবা মুলাদী থানায় মামলা করেন। 

এরপর ২০১২ সালের ২৫ এপ্রিল একমাত্র কবিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মুলাদী থানার এসআই সাইদ আহম্মেদ। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।