মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
সিপিবির উদ্যোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিপিবির উদ্যোগে উপজেলার কালিরবাজার বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রানু সরকার। বক্তব্য দেন পর্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মণ, আব্দুল্যাহ সরকার, ইউনুছ আলী, খলিলুর রহমান, সাদেকুর রহমান, উত্তম বর্মণ।
মিহির ঘোষ বলেন, “পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সাধারণত দুপক্ষের মধ্যে সমতা নিশ্চিত হয়। কিন্তু এই চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থে অতি গোপনে তড়িঘড়ি করে সম্পাদিত হয়েছে। এই চুক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে কম মূল্যে পণ্য কেনার স্বাধীনতা হরণ করা হয়েছে।”
অবিলম্বে জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানান তিনি।
সভায় বক্তারা এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ডিজেল, পেট্রোল ও অকটেন নিয়ে মানুষের হয়রানি বন্ধ করারও দাবি জানান।
