২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নোয়াখালীর ভাই-বোনের মৃত্যু

২ অক্টোবর গ্যাসের পাইপ লাইন বিস্ফোরিত হয়ে পরিবারের চারজন দগ্ধ হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত দুই শিশু হল- উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রহাত মঞ্জিলের কুমোদ চন্দ্র নাথের মেয়ে ঐর্দিকা নাথ (৮) এবং ছেলে তূর্য নাথ (৪)।

তাদের মধ্যে ঐর্দিকা শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায়। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে তার ছোট ভাই তূর্য মারা যায়।

নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ সাংবাদিকদের বলেন, ২ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারের সবাই দুর্গা পূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরের মধ্যে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী ও ছেলেমেয়ে দগ্ধ হন।

ঐর্দিকা ও তূর্যের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। ওই দিন রাতেই দুই শিশুকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তুর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে বৃহস্পতিবার ৯ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ঐর্দিকাকেও আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।