বগুড়ায় বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
“প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
বগুড়ার গাবতলীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ রোববার ভোরে উদ্ধার করা হয় বলে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন।
সাইফুল ইসলাম নামের ৪০ বছর বয়সি ওই ব্যক্তি একই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। ভাড়ায় চালিত একটি ট্রাকের মালিক তিনি।
তার লাশ ময়নাতদন্তের জন্য গুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মেয়ে সাদিয়া বলেন, “বাবা ব্যবসার কাজ শেষ করে প্রতিদিন রাত একটা থেকে দেড়টার দিকে বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি বাড়ি ফেরেননি।
“রোববার ভোরে মোবাইল ফোনে যোগেযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় বাবার লাশ পড়ে থাকতে দেখা যায়।”
ওসি আনিছুর রহমান বলেন, “নিহতের গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
“প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
