২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ইজিবাইকে ধাক্কা দিয়ে বাস খাদে, র‌্যাব সদস্য নিহত

এ ঘটনায় আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঝালকাঠিতে ইজিবাইকে ধাক্কা দিয়ে বাস খাদে, র‌্যাব সদস্য নিহত
ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী ইজিবাইকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যাওয়া বাস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী ইজিবাইকে ধাক্কা দিয়ে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ইজিবাইকের যাত্রী এক র‌্যাব সদস্যের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বেলা ৩টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি আব্দুস সালাম।

নিহত আনোয়ার আকন (৪২) উপজেলার বাসিন্দা আব্দুল মালেক আকনের ছেলে। আনোয়ার বিজিবি সদস্য হিসেবে র‌্যাব-১০ কর্মরত ছিলেন বলে জানান তার শ্যালক মো. তামিম।

আহতদের মধ্যে নিহত আনোয়ারের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন, ইজিবাইক চালক ও অপর এক যাত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

আনোয়ারের শ্যালক মো. তামিম বলেন, ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে ছুটিতে বাড়ি এসেছেন আনোয়ার। সকালে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে জুরকাঠিতে যান। সেখান থেকে শ্বশুরবাড়ি বুড়িরহাটে যেতে ইজিবাইকে ওঠেন তারা।

তিনি বলেন, পথে ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী খান পরিবহনের একটি বাস উল্টো পথে ঢুকে পড়লে ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে আইরিনের দুই পা ভেঙে গেছে। এ ছাড়া ইজিবাইক চালকসহ অপর যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

নলছিটি ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনার পর সড়কে যানজট লেগে যায়। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঘটনার পরপর চালক ও তার সহকারী বাস রেখে পালিয়েছেন।”