২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের বাঁচান ভাই’, স্পেনে মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে প্রবাসীর আকুতি

অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি পেয়েছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 06:45 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। 

আগুন ও ধোঁয়ায় আটকা পড়ে মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেছিলেন, “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতাছে ভাই।”

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি সাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানান আলিফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

নিহত ইউসুফ হাসান আলিফ (২৭) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের ছেলে। তিনি স্পেনে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিবারের সদস্যরা বলেন, ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল নিতে ওই গ্যারেজে গিয়েছিলেন আলিফ। সেখানে একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে বলে তারা জানতে পেরেছেন।

আগুন ও ধোঁয়ায় আলিফসহ তিনজন গ্যারেজের ভেতরে আটকা পড়েন। এ সময় সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে বার্তা পাঠান আলিফ।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করেন।

পরে ঘটনাস্থলে চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন। আগুনে দগ্ধ তার দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা বলেন, গত জুনে স্পেনে যান আলিফ। কাগজপত্র জমা দেওয়ার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি পেয়েছিলেন।

আলিফের মামাতো ভাই শফিকুল ইসলাম রাসেল বলেন, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্পেনে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক নেমে এসেছে।