১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনমত যাচাই করতে বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান লিটনের

“নৌকার বিপক্ষে কারোর যাওয়ার সুযোগ নেই।“

জনমত যাচাই করতে বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান লিটনের

রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 06:56 PM

Updated : 15 Apr 2023, 06:56 PM

নিজেদের জনমত যাচাই করতে বিএনপিকেও স্থানীয় সরকার নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

শনিবার মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “আমি চাই, এই নির্বাচনে বিএনপিও আসুক। তারা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনমত যাচাই করুক।“   

দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। এ সময় সেখানে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

এবার রাজশাহী সিটি করপোরেশনে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়ন ফরম তোলে জমা দিয়েছিলেন তিনজন নেতা। এরা হলেন- এ এইচ এম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও লিটনের চাচা মাহফুজুল আলম লোটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পুরানো খবর:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মেয়র লিটন বললেন, ‘নির্বাচন করছি’

এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনজন নেতা দলীয় মনোনয়ন ফরম তোললেও ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে একক প্রার্থী ছিলেন খায়রুজ্জামান লিটন। 

শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে খায়রুজ্জামান লিটনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। 

খায়রুজ্জামান লিটন বলেন, “প্রত্যাশা থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আরও দুজন নেতা মনোনয়ন তুললেও দল আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিয়েছে। তাই সব বিভেদ ভুলে দলের সবাইকে একসঙ্গে নৌকার পক্ষেই কাজ করতে হবে। নৌকার বিপক্ষে কারোর যাওয়ার সুযোগ নেই।“ 

পুনরায় নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শফিকুর রহমান বাদশা, নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ পিন্টু, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মাদ সিয়াম। 

সংবাদ সম্মেলনের আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খায়রুজ্জামান লিটন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা।