২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ফুটবল খেলা নিয়ে হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, বাইকে আগুন

বিকালে দুই গ্রামের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ফাউল করাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

ফেনীতে ফুটবল খেলা নিয়ে হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, বাইকে আগুন
গুলিবিদ্ধ জহিরুল ইসলাম।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 12:57 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

ফেনী সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া হামলাকারীরা একটি মোটরসাইকেলে আগুন দেয়। 

শুক্রবার বিকালে উপজেলার কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। 

গুলিবিদ্ধ জহিরুল ইসলাম (৪০) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারে ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকালে কালিদহ গ্রাম ও হাফিজিয়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার এক পর্যায়ে ফাউল করাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনার জেরে হাফিজিয়া গ্রামের ১০ থেকে ২০ যুবক আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে কালিদহ গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হামলাকারীরা। 

স্থানীয়রা জহিরুলকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল হক লিটন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে পাশে ছনিয়া ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা নিরীহ মানুষের ওপর হামলা করেছে।

হামলাকারীদের মধ্যে একজনের হাতে বন্দুক ও অন্যদের হাতে দেশি অস্ত্র ছিল বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন বলে জানান তিনি। 

ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে রাত ১১টা পর্যন্ত কেউ আটক হয়নি।