২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

এ ছাড়া বিএনপি প্রার্থীর বাইরে রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে একজন করে দলীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

রাজশাহী-১ আসনে একজন, রাজশাহী-৪ আসনে একজন ও রাজশাহী-৫ আসনে তিনজন বিএনপি নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে তিনজন বিএনপি নেতার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। 

এর আগে ১৮ ও ২১ ডিসেম্বর দুর্গাপুর এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুইজন বিএনপি নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ নিয়ে এ আসনে প্রার্থীসহ মোট ছয় বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এরা হলেন- সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। 

এ ছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ১৮ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রাজশাহীর নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি গোলাম মোর্শেদ শিবলী বলেন, “চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা না হওয়ায় রাজশাহী-৫ আসনে ছয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারেন এমন আশা থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, দলের সবাই তার পক্ষেই কাজ করবেন।”

অন্যদিকে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে শরীফ উদ্দিন বলেন, ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে তিনি গর্বিত। গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। ভোটারদের প্রকৃত মতামতের বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলের হাইকমান্ড যাচাই-বাছাই করেই একজনকে মনোনয়ন দিয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নসহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এর আগে ২০ ডিসেম্বর এ আসন থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা শিল্পপতি সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 

এদিকে, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের কাছ থেকে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সদস্যসচিব শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত ইসলাম। 

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া। ২০ ডিসেম্বর তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।