২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, ‘ভুলে’ ফেইসবুকে দিলেন উপ-উপাচার্য

দ্রুত মুছে ফেললেও প্রবেশপত্রে সুপারিশকারীর নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্যের সুপারিশসহ এক প্রার্থীর প্রবেশপত্র ‘ভুলবশত’ সামাজিক যোগাযোগ প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপ-উপাচার্যের ফেইসবুক স্টোরিতে প্রবেশপত্রটি প্রকাশিত হয়। পরে তা দ্রুত মুছে ফেললেও প্রবেশপত্রে সুপারিশকারীর নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। 

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে আবেদন করা এক নারীর প্রবেশপত্রটিতে সুপারিশকারী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য লতিফুর রহমান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির এবং জামায়াতের প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ১৯৯১ সালে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ওই প্রার্থী আগামী ৪ অগাস্ট সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে থাকা দপ্তরে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দেওয়া পোস্টে প্রবেশপত্রটি  ‘ভুলবশত আপলোড’ হয়েছে বলে জানান।  

সেখানে তিনি লেখেন, “আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র কিভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে।“ 

পোস্টে তিনি আরও লেখেন, “প্রতিদিনই কোনো না কোনো আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন সূত্রে সাক্ষাৎ করতে এসে সিভি-প্রবেশ পত্র দিয়ে যায়, আবার অনেকে ফোন করে আবেদনকারীর প্রবেশ পত্র ওয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়। 

“রুয়ার (রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন) নির্বাচনের সময় একজন আলামনাস যিনি সাবেক এমপি ছিলেন উনার সাথে পরিচয় হয়। কয়েকদিন আগে উনি ফোন করে উনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশ পত্র সেন্ড করেন।“

উপ-উপাচার্য আরও লিখেন, “পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজন খানিক এরকম সুপারিশ আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না।  আশা করি, কেউ ভুল বুঝবেন না। “

তবে উপ-উপাচার্যের এই ব্যাখ্যায়ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু ফেইসবুকে লেখেন, “সুপারিশে আসা বাকি সমস্ত প্রবেশপত্র পোস্ট করার দাবি জানাচ্ছি। আমরা জানতে চাই কারা বিশ্ববিদ্যালয়কে ভাইভা-ভিত্তিক দলীয় গোয়ালঘরে পরিণত করতে চায়।”

বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লিখেছেন, “প্রো-ভিসি স্যারের ছেলে রাতে গেমস খেলতে গিয়ে বাবার ফোন থেকে জামায়াতপন্থী সাবেক এমপির রেফারেন্সসহ প্রবেশপত্র স্টোরিতে দিয়ে ফেলে। স্যার ক্লারিফিকেশনে বলেন, অনেক রেফারেন্স আসে; কিন্তু প্রশ্ন হচ্ছে, রেফারেন্স দেওয়ার সাহস তারা পায় কোথা থেকে?”

আরেক সাবেক সমন্বয়ক ফাহিম রেজা লেখেন, “হয় সব সুপারিশ সামনে আনেন, নয়তো প্রহসন বাদ দিয়ে সরে যান।”

ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী মন্তব্য করেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী মিথ্যাবাদী না মাননীয় উপাচার্য সালেহ হাসান নকীব স্যার?”

সুপারিশের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে কিছু পরিবর্তন এলেও চিন্তাগত পরিবর্তন আসেনি। 

“এখনো বিভিন্ন দপ্তরে শত শত তদবির জমা পড়ে। এ ধরনের খারাপ প্রথা এখনো চলমান, যা খুবই দুঃখজনক। তবে আমরা অন্যায় আবদার, তদবির এবং আর্থিক দুর্নীতিকে প্রশ্রয় দিই না। নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করছি।”