২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম: মির্জা ফখরুল

“উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে, আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য”, বলেন তিনি

আগামী বছর ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। 

“তারা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর।”

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, “উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে, আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। 

“আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কীভাবে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সে বিষয়গুলো নজর দেওয়া উচিত।”

“আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন তাই না। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না”, বলেন মির্জা ফখরুল।

নিজ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে। আজ থেকে ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে।”

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।